
বাংলার আলো ডেস্ক :::::::: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিলেট নগরীর মাছিমপুর মণিপুরী পাড়ায় নির্মিত হচ্ছে রবীন্দ্র স্মৃতিস্তম্ভ। শনিবার এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সিলেট সিটি কর্পোরেশন(সিসিক)-এ স্মৃতিস্তম্ভ নির্মাণের পদক্ষেপ নিয়েছে।
শনিবার সকাল ১১টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদ ও সালেহা কবির শেপী, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় পর্ষদের দপ্তর ও প্রচার সম্পাদক সুনীল সিংহ, মাছিমপুর শাখার সভাপতি রমেন্দ্র কুমার সিংহ বাপ্পা ও সাধারণ সম্পাদক ধীরেন্দ্র কুমার সিংহ ধীরু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে সিলেট সফরকালে ৬ নভেম্বর মাছিমপুর মণিপুরী পাড়ায় পদার্পন করেছিলেন। সেখানে তিনি মণিপুরী নৃত্যানুষ্ঠান উপভোগ করেন। পরবর্তীতে তিনি শান্তি নিকেতনে মণিপুরী নৃত্যকলার উপর একটি বিভাগ চালু করেন। সেখান থেকেই বিশ্বব্যাপী মণিপুরী নৃত্যানুষ্ঠান সমাদৃত হয়-যা আজো বিদ্যমান।