• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় চা শ্রমিকদের রেশনে মেয়াদোত্তীর্ণ আটা সরবরাহ

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯
কুলাউড়ায় চা শ্রমিকদের রেশনে মেয়াদোত্তীর্ণ আটা সরবরাহ

বাংলার আলো ডেস্ক :::::::: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে বেশ কিছুদিন ধরে শ্রমিকদের রেশনে মেয়াদোত্তীর্ণ আটা সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

চিকিৎসকদের মতে, এই আটা খেলে পেটের পীড়াসহ নানা ধরণের রোগের সৃষ্টি হতে পারে। তবে বাগান কর্তৃপক্ষ বলছেন অন্যকথা, তারা বলছেন এই আটা খেলে সমস্যা হবে না।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই বাগানে মোট শ্রমিক আছেন ৫৪০ জন। প্রত্যেকে রেশন হিসেবে প্রতি সপ্তাহে সাড়ে তিন কেজি থেকে সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত আটা পান। তিন চার সপ্তাহ ধরে বাগান কর্তৃপক্ষ ডায়মন্ড ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি ‘সেনা’ নামের দুই কেজির প্যাকেটের আটা সরবরাহ করেছে। মোড়কের গায়ে আটা উৎপাদনের তারিখ চলতি বছরের (২০১৯) ২৩ এপ্রিল দেওয়া। মেয়াদ শেষের তারিখ রয়েছে ১৬ জুন।

বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির শম্ভু দাস বলেন, “বিষয়টি নজরে পড়ার পর তারা বাগানের ব্যবস্থাপককে জানিয়েছেন। এর জবাবে ব্যবস্থাপক এই আটা খেলে সমস্যা হবে না বলে তাদের ফিরিয়ে দেন।”

বাগানের ব্যবস্থাপক প্রণব কান্তি দাস বলেন, “মেয়াদোত্তীর্ণ আটার বিষয়টি জানা ছিল না। এ ব্যাপারে আগে তাদের কাছে কেউ অভিযোগ করে নি। তবে ভবিষ্যতে এই আটা শ্রমিকদের আর দেওয়া হবে না।”

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, “মেয়াদোত্তীর্ণ আটা সরবরাহ পুরোপুরি বেআইনি। এ ধরনের আটা সরবরাহ করলে আইনে জরিমানার বিধান আছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”