
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় কাদিপুর ইউনিয়নের হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র রাশেদ আহমদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিগত ২০১৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে তাকে হত্যা করা হয়। রাশেদ আহমদ কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন সার্জনের পুত্র। পরের দিন কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৯ বছর পর গতকাল ২০/৭/২০২২ ইং মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: শাহীন আহমদ এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার রায়ে পাঁচ জনকে দন্ডবিধি আইনের ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন বিনাশ্রম প্রদান করা হয়েছে। তারা হলেন হাসিমপুর গ্রামের আব্দুর নুর চৌধুরী হীরার পুত্র আরিফ মোহাম্মদ চৌধুরী ওরফে তুহিন (২২), হাসিমপুর গ্রামের আকমল হোসেন চৌধুরীর পুত্র মোহাম্মদ জামাল আহমদ চৌধুরী (৩৪), একই গ্রামের আব্দুর রহিব চৌধুরীর পুত্র ফয়জুর রহমান চৌধুরী (৫৪), আকমল হোসেন চৌধুরীর পুত্র কামাল আহমদ চৌধুরী (৩৫), বরমচাল গ্রামের মন্তর মিয়ার পুত্র রেজাউল করিম রাহেল (২৬)। আসামীরা সবাই মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাসিন্দা।
মামলার অপর দুই আসামী আব্দুন নুর হীরা ও নিলুফা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ আগস্ট রাত ১২টায় সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে রাশেদ আহমদকে হত্যা করে। পরের দিন রাশেদ আহমদের চাচা আলী হোসেন বাদী হয়ে কুলাউড়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩১। পরে মামলার তদন্তকারী অফিসার আদালতে মামলার চার্জশীট দাখিল করেন এবং মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় বিচার কার্যক্রম শুরু হয়। (দায়রা নং ২৩৬/১৩)
মামলায় স্বাক্ষ্য গ্রহণ, আসামীদের জবানবন্দি, দীর্ঘ শুনানী ও বাদী-বিবাদী পক্ষে যুক্তিতর্ক শেষে গতকাল ২০/৭/২০২২ ইং তারিখে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: শাহীন আহমদ এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট বদরুল ইকবাল । আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সাকির আহমদ জুয়েল।