
গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামে সিলেট জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন লিপুর বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন জাকারিয়া হোসেন লিপুর বাবা সাহাদাৎ হোসেন ও মা রুবী বেগম। গতকাল ২৫ অক্টোবর সোমবার রাত ৮টায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের গ্রামবাসী সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, সাহাদাৎ হোসেন এর ছেলে ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন লিপুর খোঁজে ১০/১২টি মোটর সাইকেল যোগে আসা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা লিপুর বাড়িতে প্রবেশ করে তাকে হত্যার জন্য খোঁজতে থাকে। তাকে না পেয়ে তার বাবা ও মাকে পিঠিয়ে আহত করার পাশাপাশি বাড়িতে ব্যাপক ভাংচুর ও অগ্নি-সংযোগ করে চলে যায়। এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন ও ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, হামলাকারীরা ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার বাহিনী ছিলো। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এমনটি ঘটিয়েছে।