
ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কোরআন শরিফকে অবমাননা করে পিযুষ শর্ম্মা নামে এক যুবক ফেসবুকে স্টেটাস প্রদানের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত তাইজুল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৫ আগষ্ট) দুপুর ১২টায় তিনি সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। মৃত তাইজুল মিয়া ছাতক উপজেলার পলিরগাও গ্রামের তাহের মিয়ার ছেলে। পিযুষ শর্ম্মা (৩৭) ছাতক উপজেলার ছৈলা চকবিরাম ইনাম গ্রামের দিনেশ শর্ম্মা ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ আগষ্ট (রবিবার) সুনামগঞ্জের ছাতকের ছৈলা চকবিরাম ইনাম গ্রামের পিযুষ শর্ম্মা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কোরআন শরিফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দেয়। এ নিয়ে এলাকার ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে ক্ষোভের সৃৃষ্টি হয়। এ ঘটনায় সন্ধ্যা ৭টায় ছাতক উপজেলার পলিরগাঁও গ্রামের তাহের মিয়ার ছেলে তাইজুল মিয়াসহ কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লি প্রতিবাদ করেন।
এসময় তাইজুল মিয়াসহ কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লি প্রতিবাদে মিছিলসহকারে ছৈলা চকবিরাম ইনাম গ্রামে পিযুষ শর্ম্মার বাড়ির দিকে এলে তাদেরকে বাঁধা প্রদান করা হয়। পিযুষ শর্ম্মাসহ কয়েকজন গ্রামবাসী বিক্ষোভ মিছিলে বাঁধা দিলে এতে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তাইজুল মিয়া আহত হন। আহত অবস্থায় তাইজুল মিয়াকে সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (১৫ আগষ্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছাতক থানার এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত তাইজুল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।