
কানাইঘাট প্রতিনিধি : দীর্ঘদিন থেকে সিলেটের কানাইঘাটের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাচ্ছেন না পরিবার। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যত সহায়তা পাচ্ছেন না নিখোঁজ ব্যক্তির পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাট উপজেলার জুলাই গ্রামের বাসিন্দা মোঃ নাজির উদ্দিন দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার স্ত্রী জাহানারা বেগম অসহায়ভাবে স্বামীর সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও এখনো কোনো সন্ধান মেলেনি।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে জাহানারা বেগম প্রশাসনের বিভিন্ন দপ্তরে সহযোগিতার জন্য গিয়েছেন। কিন্তু কোনো কার্যকর সহায়তা পাননি। স্থানীয়দের সাহায্যে সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ চালিয়েও তার কোনো হদিস মেলেনি।
এদিকে, নাজির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল কাইয়ুম বর্তমানে কানাডায় অবস্থান করছেন। ফলে পুরো পরিস্থিতির ভার একাই সামলাচ্ছেন জাহানারা বেগম। তিনি আশঙ্কা করছেন নাজির উদ্দিনকে কোনো কারণে অপহরণ করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তির পরিবার দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।