
নবিগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। যুক্তরাজ্য প্রবাসী স্থানীয় ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ সোহানের বাড়িতে মুখোশধারী একদল ডাকাত হানা দিয়ে গরু-ছাগলসহ বেশ কিছু মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির চারপাশ ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এরপর গোয়ালঘর থেকে তিনটি গরু ও দুটি ছাগল নিয়ে যায়। এছাড়া তারা কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকারও নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ নেতা রুহেল আহমেদ সোহান মটুফোনে বলেন, “৫ আগস্টের পর থেকেই এলাকায় অস্থিরতা চলছিল। তারই ধারাবাহিকতায় আজ আমার বাড়িতে এমন ভয়াবহ ঘটনা ঘটল। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।”
ঘটনার খবর পেয়ে নবিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। নবিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ছাত্রলীগ নেতা রুহেল আহমদ সোহান এর অসুস্থ মাতা আয়শা বেগম অভিযোগ করে বলেন, বাড়ির একপক্ষের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে এলাকার কয়েকজন বিএনপিপন্থী লোক গত কয়েক দিন ধরে আমার ছোট ছেলে ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ সোহান কে হুমকি দিয়ে আসছে। এর জের ধরে খামার হতে গরু নিয়ে যেতে পারে বলে তিনি ধারণা করছেন।
এদিকে, এনাতাবাদ গ্রামে এ ঘটনার পর থেকে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের বেলা পাহারার ব্যবস্থা নিয়েছে এবং প্রশাসনের কাছে নিয়মিত টহল বাড়ানোর আহ্বান জানিয়েছে।