• ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীতে কেনাকাটা করতে গিয়ে হামলার শিকার এক নারী

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৯
রাজধানীতে কেনাকাটা করতে গিয়ে হামলার শিকার এক নারী

স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরায় এক নারীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা ১১ নং সেক্টরের মডেল টাউনের পাশে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ঐ নারীর নাম মোছাঃ মাহবুবা বেগম (২২)। তার স্বামী রুবেল এর চাকুরীর সুবাদে তিনি উত্তরা ১১ নং সেক্টরের ১০ নং রোডের একটি বাসায় ভাড়া থাকেন। তাদের বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই থানার কাউয়াজুরি গ্রামে।

কামরুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করে ২ জন যুবক একজন যুবতীকে হেনস্তা করতে দেখেন। পরবর্তীতে তারা দেশীয় অস্ত্র দিয়ে ঐ ভিকটিমকে মারতে থাকে। তাৎক্ষণিক ভাবে আসেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী যুবকরা পালিয়ে যায়। পরে ভিকটিমকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এ লোকজন ভর্তি করান।

হামলার শিকার মোছাঃ মাহবুবা বেগম প্রতিবেদককে বলেন, ‘আমি কিছু কেনাকাটা করতে বাহিরে বের হয়েছিলাম। সে সময় ২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। আমি বুঝে ওঠার আগেই মারধর করে আমাকে কুপিয়ে ফেলে রেখে যায়।’ হামলাকরীদের তিনি চিনতে পারেননি ও ঐ নারী বর্তমানে গর্ভবতী বলে জানান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উত্তরা থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।