
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার ছাত্রদল নেতা কামরুল ইসলাম এর নেতৃত্বে এক প্রবাসীর বাড়ীতে হামলার অভিযোগ ওঠেছে। উপজেলার মহল্লুল সুনাম গ্রামের মোঃ আব্দুল মান্নান এর বাড়ীতে গত মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১ ঘটিকার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় প্রবাসীর বাড়িতে থাকা স্বর্ণ, নগদ টাকা, টিভি, এবং অনেক মূল্যবান জিনিসপত্রসহ দরজা-জানালা ভেঙ্গে লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঐ প্রবাসীর নাম মোঃ আব্দুল মুহিত। তিনি বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ও পলিটেকনিক ইনস্টিটিউট, হবিগঞ্জ ছাত্রলীগের সাবেক সদস্য।
সরেজমিনে দেখা গেছে, এ হামলায় প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বাড়ীতে হামলায় আহত হয়েছেন প্রবাসীর পিতা মোঃ আব্দুল মান্নান। হামলাকারীরা বৈষম্য আন্দোলনের কতিপয় ছাত্র, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মী বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থের পরিবার সূত্রে জানাযায়, ১০/১২ জন দূর্বৃত্ত হঠাৎ বাড়ীতে ঢুকে তাদের মুখ ঢাকা অবস্থায় ককটেল ফুটিয়ে বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা-জানালা ভাংচুর করে স্বর্ণ, নগদ অর্থ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। ঐ সময় প্রবাসীর পিতা বাধা দিলে তাকে আহত করে। পরে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে মালামাল ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরপরই ভুক্তভূগী প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করতে গেলে কাউকে পাওয়া যায় নি। পরে তিনি নিরুপায় হয়ে বাড়ীতে চলে আসেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অপরদিকে ঐ প্রবাসীর বন্ধু একই গ্রামের মো আক্কাস মিয়া এর ছেলে ছাত্রলীগ নেতা শিপন মিয়ার উপর এবং তার বাড়ীতে দুপুর ১২ ঘটিকার দিকে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় শিপন মিয়া গুরুতর আহত হন। অভিযোগ উঠেছে হামলায় তার মাথা ফেটে যায় এবং পায়ের রগ কেটে ফেলে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিপন মিয়া মুন জেনারেল হাসপাতাল শায়েস্তাগঞ্জ এ চিকিৎসাধীন আছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিসহ কেউ থানায় না থাকায় প্রশাসনের বক্তব্য নেওয়া যায় নি।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সারা দেশের ন্যায় হবিগঞ্জে কিছু দুর্বৃত্তরা বিভিন্ন দোকান ও বাড়িতে হামলা এবং লুটপাট করতেছে। থানায় পুলিশের অনুপস্থিতি ও প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন লোককে ভয়-ভীতি দেখিয়ে হামলা, লুটপাট ও অর্থ হাতিয়ে নেওয়ার কথা শুনা যাচ্ছে প্রতিদিনই।