• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ‘এমপি মনোনয়ন প্রত্যাশী’ জমিয়ত নেতা ‘নিখোঁজ’

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
সুনামগঞ্জে ‘এমপি মনোনয়ন প্রত্যাশী’ জমিয়ত নেতা ‘নিখোঁজ’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান মিলছে না। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে থাকা এই নেতা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ হন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয় প্রত্যাশী হিসাবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।

সুনামগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা, সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকমীরা জানান, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। হঠাৎ করে উনার নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার রাতে গাজী নগরীর পরিবারের সদস্যরা জানান, গেল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, গাজীনগরী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, গাজীনগরীর সন্ধানে পুলিশের একাধিক টিমসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।