
মৌলভীবাজার (বড়লেখা) প্রতিনিধিঃ
মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছেন হাফিজুর রহমান নামের এক যুবক। তিনি বড়লেখা উপজেলার রাফি ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ মুজিবুর রহমান এর ছেলে। এলাকায় হাফিজুরের ব্যাপক পরিচিতি থাকায় খবরটি বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে।
১৪ মে বুধবার এ ঘটনা জানাজানির পর এলাকায় তোলপাড় শুরু হয়। পরে স্থানীয় মসজিদ কমিটির সভাপতির নেতৃত্বে একদল ধর্মপ্রাণ লোক মোহাম্মদ মুজিবুর রহমান এর বাড়ীতে এসে হাঙ্গামা সৃষ্টি করতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে তার ছেলে কে ত্যাজ্যপুত্র করেন। এর পর ধর্মপ্রাণ লোকজন বিভিন্ন কথা বার্তা গালিগালাজ করে তার বাড়ি ত্যাগ করেন।
এ বিষয়ে হাফিজুর এর বাবার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করা হলে তিনি অসম্মতি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান বছরখানেক আগে হাফিজুর পড়াশুনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। দেশে থাকাকালীন তিনি ইসলাম ধর্মের প্রতি ব্যাপক উদাসীন থাকায় একাধিকবার ভৎসর্নার শিকার হয়েছেন। এমনকি ইসলাম ধর্ম বিরোধী কর্মকাণ্ডের জন্য এলাকায় সালিশ বিচার পর্যন্ত হয়েছে।
এলাকার ধর্মীয় নেতারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করে বলেছেন এলাকায় এমন দৃষ্টান্ত খুবই চিন্তার বিষয়। এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।