• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জ-এ পাওনা টাকা নিয়ে হামলা : বাড়িঘর ভাঙচুর, আহত ১

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৩
নবীগঞ্জ-এ পাওনা টাকা নিয়ে হামলা : বাড়িঘর ভাঙচুর, আহত ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুর এবং একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. জিল্লুর রহমানকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, জিল্লুর রহমানের ছেলে মনসুর আহমদ স্ত্রী-সন্তানসহ ইংল্যান্ডে যাওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী মো. আব্দুল ছালিকের মাধ্যমে ভিসার ব্যবস্থা করেন। চুক্তি অনুযায়ী, বিদেশে যাওয়ার ছয় মাসের মধ্যে পুরো টাকা পরিশোধের কথা ছিল। গত ৮ এপ্রিল মনসুর আহমদ পরিবারসহ ইংল্যান্ডে পাড়ি জমান।
কিন্তু সেখানে গিয়ে প্রতিশ্রুত কাজ না পাওয়ায় তিনি আর্থিক সংকটে পড়েন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় অভিযুক্ত পক্ষ চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ করা হয়। মনসুর আহমদের ভাষ্য, লন্ডনে তার ভাড়া বাসায় লোক পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, টাকা আদায়ের চাপের একপর্যায়ে শুক্রবার বিকেলে মো. আব্দুল ছালিক ও তার সহযোগীরা বাড়িতে হামলা চালিয়ে মো. জিল্লুর রহমানকে আঘাত করে রক্তাক্ত করে এবং বাড়িঘর ভাঙচুর করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করেন।
দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালিক মিয়া জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো অগ্রগতি হয়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।