• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে আওয়ামীলীগের বিভিন্ন স্থাপনায় হামলা, বিশ্বনাথ থানার বহু আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতার বাড়ীতে ভাংচুর ও লুটপাট

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫
সিলেটে আওয়ামীলীগের বিভিন্ন স্থাপনায় হামলা, বিশ্বনাথ থানার বহু আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতার বাড়ীতে ভাংচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টার : ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতার হামলা ও ভাংচুরের খবর পেয়ে সিলেট বিভাগ জুড়ে রাস্তায় নেমে পড়েছে ছাত্র-জনতা। উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথগুলো। বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা গতকাল রাত সাড়ে ৯টায় ঐতিহাসিক কীনব্রিজের সামনে জড়ো হয়ে বুলডোজার নিয়ে মিছিল বের করে। মিছিলটি সিলেটের জেলা প্রশাসকের অফিসের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের বাড়িতে হামলা ও ভাংচুর করে।
এসময় বিশ্বনাথ থানার ৪নং রাশপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমানের বাড়ীতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামীলীগ বিরোধী জোট। প্রভাবশালী বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফাহিম আহমদের নেতৃত্বে ছাত্রদল, যুবদল সহ জামায়াত-শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং হেফাজতে ইসলামের ৩০/৪০ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মোঃ সাদিকুর রহমানের বাড়ীতে হামলা চালায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গেট ভেঙ্গে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে আব্দুন নূরের ছেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমানকে খুঁজতে থাকে। তখন মোঃ সাদিকুর রহমানকে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এসময় লুটপাটও করে তারা। এতে আব্দুন নূর তাদেরকে বাঁধা দিলে তারা তাকে মারধর করে। এতে আব্দুন নূর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
তবে আহতের স্ত্রী অভিযোগ করেছেন, তার ছেলে মোঃ সাদিকুর রহমান এবং স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে করে বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তিনি আরও বলেন, তার ছেলে মোঃ সাদিকুর রহমান অনেক আগেই যুক্তরাজ্যে চলে গেছেন। সাদিকুর রহমান যুক্তরাজ্যে থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এই ন্যক্কারজনক হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার দরুন বর্তমানে তিনি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা চরম আতংক ও নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান। স্থানীয় প্রভাবশালী বিএনপি-জামায়াতের হামলায় তার স্বামী মরাত্মক আহত হয়েছেন।
এদিকে, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান জানান, বাংলাদেশের কোথাও ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন থাকতে দেয়া হবে না। সিলেটেও ফ্যাসিবাদের কোন স্মৃতিচিহ্ন থাকবে না। যারা আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, মুজিববাদ ফিরবে না, হাসিনাকেও ফিরতে দেয়া হবে না। তাদের স্বপ্ন ধুলিস্মাত করে দেবে এদেশের লড়াকু জনতা।