• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগামী সিটি নির্বাচন ঘিরে আলোচনায় বিএনপি নেতা মুনিম

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
আগামী সিটি নির্বাচন ঘিরে আলোচনায় বিএনপি নেতা মুনিম

স্টাফ রিপোর্টার
সিলেট সিটি কর্পোরেশনের ২০২৬ নির্বাচনকে সামনে রেখে নগর রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বিএনপি নেতা ও চারবারের নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। দীর্ঘদিন ধরে সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা স্থানীয় রাজনীতি ও ব্যবসায়ী মহলে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
নজরুল ইসলাম মুনিম টানা চারবার সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকায় শক্ত রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন, সামাজিক উদ্যোগ এবং নাগরিক সমস্যার সমাধানে ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয় রাজনীতিতে একটি দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।
রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী অঙ্গনেও রয়েছে তাঁর শক্ত অবস্থান। তিনি বর্তমানে সিলেট ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা সমাধান এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন বলে ব্যবসায়ী মহলে জানা যায়। এ কারণে ব্যবসায়ী সমাজেও তিনি একজন সুপরিচিত ও প্রভাবশালী সংগঠক হিসেবে বিবেচিত।
দলীয় রাজনীতিতেও দীর্ঘদিন ধরে সক্রিয় নজরুল ইসলাম মুনিম। তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। দলীয় কর্মকাণ্ড পরিচালনা, নেতাকর্মীদের সংগঠিত করা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নগর বিএনপির রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট নগর রাজনীতিতে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, স্থানীয় পর্যায়ে শক্ত জনভিত্তি এবং ব্যবসায়ী মহলে প্রভাব থাকার কারণে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নজরুল ইসলাম মুনিম গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে আলোচনায় থাকতে পারেন।
এছাড়া নগরীর বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাকে সক্রিয় দেখা যায়। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং সামাজিক সংগঠনের কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে এলাকাবাসী জানান। ফলে রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সমাজসেবী হিসেবেও নগরীর বিভিন্ন মহলে তিনি পরিচিতি লাভ করেছেন।
নগরীর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের বিষয়ে তিনি বিভিন্ন সময় মতামত ও উদ্যোগ গ্রহণ করে আসছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়নের মতো বিষয়গুলোতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখছেন বলে এলাকাবাসীর দাবি।
এদিকে সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য নির্বাচন ঘিরে ইতোমধ্যে নগর রাজনীতিতে বিভিন্ন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে তৎপরতা বাড়াচ্ছেন। এমন প্রেক্ষাপটে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় পর্যায়ে শক্ত অবস্থানের কারণে নজরুল ইসলাম মুনিমকে ঘিরেও আলোচনা ক্রমেই বাড়ছে বলে রাজনৈতিক মহলে মন্তব্য করা হচ্ছে।
তবে স্থানীয় পর্যায়ে তার বিরুদ্ধে মাঝে মধ্যে ক্ষমতার অপব্যবহার, প্রভাব খাটানো এবং বিতর্কিত ঘটনার অভিযোগও রয়েছে। এমতাবস্থায় অনেক কিছু হিতে বিপরীতও হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব অভিযোগও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। সিলেটের স্থানীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা এই নেতার দাপট, অভিজ্ঞতা, রাজনৈতিক যোগাযোগ এবং জনসম্পৃক্ততা আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের সমীকরণে কি ভূমিকা রাখবে তা সময়ই বলে দেবে।