
স্টাফ রিপোর্টার: মানববন্ধনে বক্তব্য রাখছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। কুমিল্লার নানুয়া দীঘির পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় গতকাল সকাল আনুমানিক ১১ ঘটিকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে ১৩ অক্টোবর শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে কুমিল্লা শহরের নানুয়া দীঘির পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। পরবর্তীতে ঐ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী রংপুরের বীরগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে বক্তারা উল্লেখ করেন। বক্তারা এসব ঘটনার পেছনে জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, সহ-সভাপতি সন্তু রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার ধর, সদস্য কৃষ্ণ রায়, বাপ্পি রায় প্রমুখ।