
সিলেট ও হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ। রোববার সিলেটের জৈন্তাপুর ও হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজনই মোটর সাইকেল আরোহী।
জানা যায়, রবিবার (১০ মে) বিকাল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইটের সামনে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী তাহসিন আহমদ (১৫)।
নিহত তাহসিন জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নালে আবেদীনের ছেলে। এতে গুরুতর আহত হয় অপর মোটরসাইকেল আরোহী একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫)।
ঘটনার পরপর স্থানীয় জনতা এসে আহত তাহের আহমদকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনায় বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে, রোববার দুপুরে হবিগঞ্জের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার আব্দুল হামিদের ছেলে ও হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে বাউলঘরের কাছে হবিগঞ্জ মাধবপুর চলাচলকারি একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।