
আয়শা সিদ্দিকা আশা ::
যুক্ত্যরাজ্য যুবদলের কমিটি গঠনের দশ মাস পেরিয়ে গেলেও আজও পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি। যার কারনে একের পর এক ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসছেন দলের নেতা কর্মী সহ পদধারী নেতারা। জানা যায় গত বছরের ১৭ নভেম্বর সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক সোয়ালেহিন করিম চৌধুরী, ও সাংগঠনিক সম্পাদক পদে লায়েক মোস্তফা নির্বাচিত হওয়ার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্নাঙ্গ কমিটি ঘোষনা না করায় দলের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যার প্রেক্ষিতে গত রোববার রাত ১২ টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘জন্মদিন’র কেক কাটাকে কেন্দ্র করে যুক্তরাজ্য যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হন। এ ঘটনায় জড়িত থাকায় যুবদলকর্মী সুরমান খান কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার স্থানীয় সময় দিনগত রাত ১২টার দিকে পূর্ব লন্ডন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, দলের চেয়ারপারসনের ৭২ তম ‘জন্মদিন’র কেক কাটার সময় যুবদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে পুলিশ যুবদলকর্মী সুরমান খান কিবরিয়াকে আটক করে। এসময় ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে দু’জনকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, এর আগে ১০, ডাউনিং স্ট্রিট কর্মসূচিতে গিয়েও সংঘর্ষে জড়িয়ে পরেছিলো কর্মী-সমর্থকরা। ওই সময় সংঘর্ষে ৩ জন আহত হন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক নেতা ও কর্মীরা বলেন, বিভিন্ন রাজনৈতিক কারণে র্দীর্ঘ ১০ মাসেও যুক্ত্যরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি। কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন করে বাদ দিয়ে কমিটি গঠন করার ষড়ষন্ত্র চলছে বলে অনেকে অভিযোগ করেন। তারা আরো বলেন, যুক্ত্যরাজ্য যুবদলের চরম বিশৃঙ্খলা ও অরাজনৈতিক কর্মকান্ড বন্ধে উক্ত কমিটি বাতিল ও স্থগিত করতে হবে এবং যারা দলীয় কর্মসূচিতে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করে তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে।
এ প্রসঙ্গে দলীয় সূত্রে জানা যায়, কমিটি ঘোষণা হলে বাদ পড়া অনেক কর্মীরা দলের মধ্যে ফের সংঘাত, সংঘর্ষ শুরু করতে পারে এমন আশঙ্কায় অনুমোদিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।