ইশরাকের পদত্যাগের খবর সম্পূর্ণ অসত্য ও বানোয়াট: মন্ত্রণালয়

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত October 19, 2026
ইশরাকের পদত্যাগের খবর সম্পূর্ণ অসত্য ও বানোয়াট: মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেনের ‘পদত্যাগ’ কিংবা ‘তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে’— গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে তার দপ্তর।

রোববার (১৮ অক্টোবর) রাতে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিটি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের বিষয়ে কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগেরও কোনো প্রশ্নই ওঠে না। মূলত রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যেই একটি বিশেষ মহল এই ধরনের কাল্পনিক তথ্য ছড়াচ্ছে।

গতকাল নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী একটি সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে প্রতিমন্ত্রী ইতিপূর্বেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি এবং সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল গণমাধ্যম ও দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে, যেসব মাধ্যম বা প্ল্যাটফর্মে এই অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।