সুনামগঞ্জে অস্ত্রসহ ভারতীয় বিএসএফ সদস্য আটক

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত January 7, 2017
সুনামগঞ্জে অস্ত্রসহ ভারতীয় বিএসএফ সদস্য আটক

সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে চন্দ্র প্রকাশ নামের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার বেলা ১টার দিকে ওই বিএসএফ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চন্দ্র প্রকাশ বর্তমানে ২৮ বিজিবির নারায়ণতলা সীমান্তের বিওপি ক্যাম্পে আটক রয়েছেন।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন জানান, নারায়ণতলা সীমান্তের ১২১৬ নম্বর পিলারের কাছে অনুপ্রবেশ করেন প্রকাশ। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাঁকে একটি অস্ত্র ও ওয়ারলেসসহ আটক করেন।

লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। ভারতের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে পতাকা বৈঠকের জন্য। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেব।’