আওয়ামী লীগ কখনো এটা করে না: কাদের

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত December 28, 2017
আওয়ামী লীগ কখনো এটা করে না: কাদের

বাংলার আলো ডেস্ক ::::::  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ঘোষণা প্রক্রিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে দেখলাম বাবা (আব্দুল আওয়াল মিণ্টু) তার ছেলেকে (তাবিথ আওয়াল) বিএনপির উত্তরের মেয়র প্রার্থী ঘোষণা করেছেন। যেই ছেলের নাম প্যারাডাইজ পেপারে এসেছে। বাবা ছেলের নাম ঘোষণা করে এটা কেমন গণতন্ত্র। এটা আওয়ামী লীগ কখনো করে না।

বৃহস্পতিবার সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী হতে হলে আমাদের মনোনয়ন বোর্ড থেকে নাম আসবে। আমি পার্টির সাধারণ সম্পাদক, হঠাৎ করে বলে দিলাম যে আওয়ামী লীগের সে প্রার্থী, এটা আমাদের দলে হবে না। আওয়ামী লীগ একটা বড় দল। বড় দলের কিছু কিছু সমস্যা থাকে। কিন্তু আওয়ামী লীগের সব চেয়ে বড় বিউটি হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা দলের সভাপতি, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের যদি কোনো মেজর সমস্যা হয়, আর আমরা যদি তা সমাধানে ব্যর্থ হই তাহলে আমাদের নেত্রীর হস্তক্ষেপে তার সমাধান হয়। আমরা পার্টিতে অনাকাঙ্খিত কিছু ঘটতে দিচ্ছি না। আমাদের দলের একজন অন্যায় করবে শাস্তি পাবে না, এটা হয় না।

তিনি বলেন, মাঝে মাঝে কিছু সমস্যা হয়। নির্বাচনকে সামনে রেখে সুস্থ প্রতিযোগিতা থাকবে। যে কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করতেই পারেন। কোনো জায়গায় ১০-১৫ জন প্রার্থী আছে, থাকতে পারে। কিন্তু আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের মাধ্যমে দলীয় মনোনয়ন দেবেন।

খালেদা জিয়ার মামলা সরকারের কোনো হাত নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আদালতের বিচারে যদি খালেদা নির্দোষ প্রমাণিত হন তাহলে তিনি ছাড়া পাবেন। আর যদি দোষী হন তবে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। ছাড়া পেলেও আদালতের ব্যাপার, দোষী হলেও আদালতের ব্যাপার। আদালত ছাড় দিলেও দিতে পারেন, সাজাও দিতে পারেন। আওয়ামী লীগের চাওয়ার সঙ্গে আদালতের রায়ের কোনো সম্পর্ক নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পর কম্বল বিতরণের কাজ শুরু হয়। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।