রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বি. চৌধুরীর চিঠি

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত November 6, 2018
রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বি. চৌধুরীর চিঠি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ১০টায় রাষ্ট্রপতির কাছে বি. চৌধুরীর লেখা চিঠি বঙ্গভবনে পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন, যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

চিঠিতে তিনি আরো বলেন, সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনের সময় নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।

চিঠিতে বি. চৌধুরী আরো লিখেছেন, সময় সংক্ষিপ্ত, সেজন্য আগামী ৭ নভেম্বরের মধ্যে সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ রইলো।

অন্যদিকে, সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। চিঠিতে মেজর (অব.) মান্নান একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে আলোচনার জন্য আগামী শুক্রবারের (৯ নভেম্বর) মধ্যে সময় চেয়েছেন।