ধর্ষণে বাধা দেওয়ায় মামা খুন, গণপিটুনিতে ধর্ষণচেষ্টাকারীর মৃত্যু

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত August 24, 2019
ধর্ষণে বাধা দেওয়ায় মামা খুন, গণপিটুনিতে ধর্ষণচেষ্টাকারীর মৃত্যু

বাংলার আলো ডেস্ক :::::::: চুয়াডাঙ্গায় ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন হাসান আলী নামে ২৬ বছর বয়সী এক যুবক। যিনি ওই স্কুলছাত্রীর মামা। আহত হয়েছেন স্কুলছাত্রীসহ আরও দুই জন। এছাড়া গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন আকবর আলী নামে ধর্ষণের চেষ্টাকারী ওই যুবকও।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলায়। শনিবার (২৪ আগস্ট) ভোরের ওই ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বখাটের ছুরিকাঘাতে নিহত হাসানের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। আর গণপিটুনিতে নিহত আকবর আলীর বাড়ি দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামে। তার বাবার নাম আবুল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় সবজির ব্যবসা করতো বলে জানিয়েছে গ্রামবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে সদর উপজেলার ওই বাড়িতে ঢুকে বাড়ির মালিকের নাতনিতে ধর্ষণের চেষ্টা চালায় আকবর আলী। স্কুলছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা প্রতিরোধ করতে গেলে আকবর এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ছাত্রীর মামা হাসান। গুরুতর আহত হন ওই স্কুলছাত্রী ও তার নানা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।