
স্টাফ রিপোর্টার :
গত ১৮ মার্চ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের সূত্রধরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ফটিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২০ মার্চ সিলেট ওসমানী হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় মোগলাবাজার থানায় ১৪ জনকে আসামী করে ফটিকের পিতা মহরম আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-১১. তারিখ ২০/০৩/২০১৯ইং। মামলার আসামীরা হলেন, আবুল কালাম, আব্দুল জব্বার, মো. ফজলুল হক, ময়না মিয়া, লাল মিয়া, তোতা মিয়া, হেলাল আহমদ, বিলাল আহমদ, নিজাম, সেলিম,কয়েস আহমদ, সামাদ আহমদ, নুরুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাদী আসামীরা বিএনপি, জামায়াত, ছাত্রদলের নেতাকর্মী। উপজেলা নির্বাচনের ভোট গ্রহনের দিন তারা ভোট কেন্দ্র দখলের জন্য হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে । আহতদের মধ্যে ফটিকের অবস্থা আশংকাজনক হলে তাকে ওসমানী হাপাতালের আইসিইউতে ভর্তি করা হলে গতকাল সে মারা যায়।