
স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের সূত্রধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ১৮ মার্চ সকাল ১০ টায় উপজেলা নির্বাচনের ভোট গ্রহনের সময় এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলামের লোকজনের সাথে ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতরা হলেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওলিউর রহমান, সদস্য মজিদ, জহুর, আলাল, ফেরদৌস, ইছরাফিল, আনোয়ার, মজনু, কামাল, মন্নান, মারুফ, মমতাজ তালুকদারসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ও আওয়ামী লীগের দুজন প্রার্থী নির্বাচনের পূর্ব থেকে প্রচারণা চালিয়ে আসছিলেন। সর্বশেষ ভোট গ্রহনের দিন উভয় পক্ষ দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভোট কেন্দ্রের পাশে অবস্থান নেয়। আওয়ামী লীগ নেতা সাইফুল আলমের নেতৃত্বে নেতাকর্মীরা ভোট কেন্দ্র দখলের পাশাপাশি ব্যালট বাক্স ছিনতাইর চেষ্ঠা চালালে স্বতন্ত্র ও বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ফটিক মিয়ার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।