
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার ফরিদপুর গ্রামের জহুর আলীর পুত্র জালাল আহমদ হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম। মামলা দায়েরের প্রায় ১১ মাস পর গতকাল সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারনামীয় ৬ জনকে অভিযুক্ত করে এ চার্জশীট দাখিল করেন। চার্জশীটভূক্ত আসামীরা সবাই সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বাসিন্দা। তারা হলেন- পিরিজপুর ২৬ নং বাসার মৃত সরাফত হোসেনের পুত্র ছালেক আহমদ, বদিকোনা গ্রামের আপ্তাব আলীর পুত্র তারেক আহমদ, লতিপুর গ্রামের মোহাম্মেদ তোরাব মিয়ার পুত্র মোহাম্মেদ এমাদ হোসেন আকলি, গোয়ালগাঁও গ্রামের আজম আলীর পুত্র লিমন আহমদ, বলদী গ্রামের ফখরুল ইসলামের পুত্র আছরব আলী ও মৃত ওয়াতির আলীর পুত্র আজম আলী। মামলার ৫ জন আসামী বর্তমানে জেলহাজতে রয়েছেন। ৩ নং আসামী মোহাম্মেদ এমাদ হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।
মামলা সূত্রে জানা যায়, জালাল আহমদ একজন সমাজসেবক ছিলেন। তিনি মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সংস্কার কাজে সবসময় সক্রিয় ছিলেন। ফলে উক্ত আসামীগণের সাথে তার বিরোধিতা দেখা দেয়। এরই জের ধরে আসামীগণ জালাল আহমদকে হত্যা করেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তদন্দকারী কর্মকর্তা। তিনি জানান, ধৃত আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬১ ধারায় জবানবন্দী প্রদান করেছে। গত ২০ সেপ্টেম্বর ২০২১ ইং জালাল আহমদ স্থানীয় নাজিরবাজার থেকে বাড়ি ফেরার পথে আসামীগণ পরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক অপহরণ করে সিলাম গ্রামের একটি টিলার উপর পরিত্যক্ত বাড়িতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। পরের দিন ২১ সেপ্টেম্বর ভোরে জালাল আহমদের লাশকে বস্তাবন্দী করে চন্ডিপুল এলাকায় রেখে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
উক্ত ঘটনায় ২২ সেপ্টেম্বর নিহত জালাল আহমদের ভাই মোহাম্মদ লোকমান আহমদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১। মামলার তদন্তভার পান এসআই কামরুল ইসলাম। দীর্ঘ ১১ মাস তদন্ত শেষে গতকাল ২২ আগস্ট ২০২২ ইং সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনকে অভিযুক্ত করে এ চার্জশীট দাখিল করেন। যার নং-১৩৪। আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক আসামী মোহাম্মেদ এমাদ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেয়।