দক্ষিণ সুনামগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা অপু খান এর বাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটের পরবর্তী দৃশ্য।

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ থানার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি বসিয়া খাউরি গ্রামে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাট এর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি এবং জামায়াত-শিবিরের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৭ শে আগস্ট) বিকেল অনুমান ৪.০০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। ঐ প্রবাসী ছাত্রলীগ নেতার নাম অপু খান। তার পিতার নাম মোঃ হারুন খান। এ ঘটনায় অপু খানের বড় ভাই হিরা খান গুরুতর আহত হন বলে জানাযায়।
সরেজমিনে দেখা গেছে, যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা অপু খান এর বাড়িতে সন্ত্রাসীরা হামলা করে। এতে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়। একমাত্র ছাত্রলীগ করার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বাড়ীতে এ হামলা হয়েছে বলে মনে করেন এলাকাবাসী।
অনুসন্ধানে জানাযায়, সারা দেশের ন্যায় গত ৫ই আগস্টের দিন তার বাড়ীতে হামলা হয়। পরবর্তীতে গত মঙ্গলবার আবারো তার বাড়ীতে হামলা চালায় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থের পরিবার সূত্রে জানাযায়, ১২/১৩ জন দূর্বৃত্তরা হঠাৎ বাড়ীতে ঢুকে তাদের মুখ ঢাকা অবস্থায় ককটেল ফুটিয়ে বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণ, নগদ অর্থ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরপরই ভুক্তভূগী প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। পরে তারা নিরুপায় হয়ে বাড়ীতে চলে আসেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া অপু খান কে বার বার হুমকি দেওয়া হচ্ছে।
পারিবারিক সূত্রে আরো জানাযায়, অপু খান ১ বছরের বেশি সময় ধরে প্রবাসে অবস্থান করছেন। দেশে তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি সর্বশেষ মদনমোহন কলেজের ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দ্বায়িত্বে ছিলেন। তিনি ছাত্রলীগের সাথে ২০২০ হতে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
এ বিষয়ে জানতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, যুক্তরাজ্য প্রবাসী অপু খানের বাসায় ব্যপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।