• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজনৈতিক বিরোধের জের : ছাতকের হায়দরপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
রাজনৈতিক বিরোধের জের : ছাতকের হায়দরপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

স্টাফ রিপোর্টার :
রাজনৈতিক বিরোধের জেরে ছাতকে যুবলীগ নেতা কুতুব উদ্দীনের বাড়িতে হামলা-ভাঙচুর করেছে স্থানীয় ছাত্রজনতা। গতকাল ৭ আগস্ট দুপুর ১টার দিকে ছাতকের ভাতঁগাও ইউনিয়নের হায়দরপুর গ্রামে কুতুব উদ্দীনের বাড়িতে এ হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। কুতুব উদ্দীন সিলেট মহানগরের ২২ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি।
যুবলীগ নেতার পরিবার ও এলাকাবাসী জানান, স্থানীয় ছাত্রদল, যুবদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত ২৫/৩০ জন কর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তারা কুতুব উদ্দীনকে খুঁজতে থাকে। কুতুব বাড়িতে নেই জানালে হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ ভেঙে ফেলা হয়। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এসময় কুতুব উদ্দীনের ভাই জালাল উদ্দীন সিদ্দিক বাধা দিলে উশৃঙ্খল ছাত্ররা তাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে এনে মারধর করে। জালাল উদ্দীন সিদ্দিক সিলেট এমসি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কুতুব উদ্দীনের পরিবার থেকে জানানো হয়, ‘গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুর চালাচ্ছে স্থানীয় ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রাণভয়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা ঘর ছেড়ে পালিয়েছেন। তবুও বাড়িতে হামলা, ভাংচুর এমনকি অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল দুপুর ১টার দিকে স্থানীয় ছাত্রজনতা বাড়িতে ঢুকে হামলা, ভাংচুর, লুটপাট করেছে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীরা তাৎক্ষণিক কুতুব উদ্দীনকে বাসায় পেলে প্রাণে হত্যা করতো। এমন পরিকল্পনা নিয়েই উশৃঙ্খল ছাত্ররা তার বাসায় হামলা চালিয়েছে। সরকার পতনের পর প্রায় প্রতিদিনই হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
ঘটনা জানার পরপরই বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘হায়দরপুর গ্রামে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে ছাতক থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’