
আপন দুই ভাই দ্বারা জঙ্গীদের সাথে হাত মিলিয়ে ব্যাপক ভাঙচুর-লুটপাট
ওলিউর রহমান সুফী : সিলেটের শিবগঞ্জস্থ গোলাপবাগে আপন দুই সহোদরের চক্রান্ত ও ষড়যন্ত্রের বলি হলেন অপর ভাই আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ শাহাজাহান মিয়া। বিএনপি-জামাত-শিবিরের জঙ্গী সন্ত্রাসীদের সাথে আঁতাত করে গোলাপবাগস্থ ৫৪নং বাসাটি মব সন্ত্রাস সৃষ্টি করে দখল করে নিলেন আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়ার অপর দুই সহোদর মোঃ আনহার মিয়া ও মিজানুর রহমান শাহান।
জঙ্গী সন্ত্রাসীরা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ শাহাজাহান মিয়াকে মব সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে তার বাসায় আক্রমণ করে। মোহাম্মদ শাহজাহান মিয়াকে বাসায় না পেয়ে সন্ত্রাসীরা বাসায় ঢুকে তান্ডব চালায়। সন্ত্রাসীদের তান্ডবে বাঁধা প্রদান করলে মোহাম্মদ শাহজাহান মিয়ার স্ত্রী নাহিদা জান্নাত সুমী (৩০) ও তাদের অবুঝ এক ছেলে ও দুই মেয়েকে পিটিয়ে ও প্রাণে হত্যার ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়া হয়েছে। ঘটনাটি সংঘটিত হয় গতকাল ২১ ডিসেম্বর সন্ধ্যা অনুমান ৬ ঘটিকায়।
প্রত্যক্ষদর্শী বিভিন্ন সূত্রসহ সরেজমিন ঘটনাস্থল ও প্রতিবেশী লোকজনের সাথে আলাপকালে জানা গেছে, ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সমস্ত দেশের ন্যায় সিলেটের আওয়ামী লীগের সিনিয়র ও জাদরেল নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী-সমর্থকদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুর উপর আক্রমণ চালায় বিএনপি-জামাত-শিবিরের ক্যাডাররা। তারা তথাকথিত ছাত্র-জনতার ব্যানারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর বর্বরোচিত হামলা ও তাদেরকে নৃশংসভাবে হত্যা করতে শুরু করে। প্রাণভয়ে অনেকেই আত্মগোপনে চলে যান। সাধারণ কর্মী-সমর্থকরাও বাদ যাননি জঙ্গী-সন্ত্রাসীদের তান্ডব থেকে। সিলেটেও হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাসাবাড়ি, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, জবর দখল হতে থাকে। এরই ধারাবাহিকতায় টার্গেট করা হয় শিবগঞ্জ গোলাপবাগস্থ ৫৪নং বাসাটি। আওয়ামী লীগের এই ত্যাগী সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়াও প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন। আর এই সুযোগটি লুফে নেন তারই আপন দুই সহোদর মোঃ আনহার মিয়া ও মিজানুর রহমান শাহান। তারা দু’জন যারা বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতা বদরুজ্জামান জামানের অনুসারীদের সাথে হাত মিলায়। তারা এসব মব সন্ত্রাসীদের সাথে আঁতাত করে বাসাটি জবর দখল করতে সুযোগ খুঁজতে থাকেন। ঘটনার দিন বিকেলে সন্ত্রাসীরা মোহাম্মদ শাহজাহান মিয়াকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে বাসায় অনধিকার প্রবেশ করে তান্ডব চালিয়ে নিরীহ গৃহবধূ ও অবুঝ সন্তানদেরকে বাসা থেকে বের করে দিয়ে বাসাটি তাদের দখলে নিয়ে নেন। নাহিদা জান্নাত সুমী তার অবুঝ সন্তানদেরকে নিয়ে বর্তমানে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আইনের আশ্রয় গ্রহণ করতে চাইলেও জামাত-বিএনপি’র মদদপুষ্ট প্রশাসনের কর্মকর্তারা বিএনপি-জামাতের নেতা-কর্মীদের সম্পৃক্ততার বিষয়টি জানতে পেরে অভিযোগ আমলে নেননি।
উল্লেখ্য আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন দীঘলবাগস্থ দৌলতপুর (খুদ করিমপুর) গ্রামের সিরাজ মিয়ার পুত্র।