
সুনামগঞ্জের দিরাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। ওই আসামির নাম সাজ্জাদ মিয়া (৪২), তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামের ওয়াফছর মিয়ার ছেলে।
সোমবার বিকেলে সাজ্জাদ মিয়ার বাড়ির সামনে হোসেনপুর গ্রামের রাস্তায় এই ঘটনা ঘটে। সাজ্জাদ মিয়ার চাচা নুরুল ইসলাম ও অন্যান্যরা গ্রেপ্তারকৃত সাজ্জাদ মিয়াকে হাসকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
হেলাল উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, আজ দুপুরে বিশেষ ক্ষমতা আইনের সিলেটের একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে হাতকড়া পড়ান দিরাই থানা থেকে এস আই হেলাল মিয়া। বাড়ি থেকে থানায় নিয়ে আসার সময় তার চাচা নুরুল ইসলামসহ আরও বেশ কয়েকজন সাজ্জাদকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার মধ্যস্থতায় হাতকড়াটি ফেরত এনে পুলিশের কাছে ফেরত দেন এবং তাকে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করার জন্য গ্রামে জরুরি বৈঠকে বসেছেন স্থানীয়রা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার সন্ধ্যা সাড়ে পর্যন্ত হুসেনপুর গ্রামের বৈঠক চলছিল। পুলিশ সাজ্জাদ মিয়াকে গ্রেফতার করতে পারেনি।
তবে জগদল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য লায়েক মিয়া বললেন,‘ শুনেছি সাজ্জাদ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তার আত্মীয় স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে। হাতকড়াটি পুলিশের হাতেই দেখেছি।’
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন,‘ বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার পরোনাভুক্ত আসামি সাজ্জাদ মিয়াকে গ্রেপ্তারের পর তার স্বজনরা ছিনিয়ে নিয়েছে।
হাতকড়া পুলিশের কাছে রয়েছে দাবি করে তিনি বলেন,‘ ওই আসামীকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’