• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক পালনকে কেন্দ্র করে মোগলাবাজারে ছাত্রলীগ নেতার উপর হামলা

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক পালনকে কেন্দ্র করে মোগলাবাজারে ছাত্রলীগ নেতার উপর হামলা

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের মোগলাবাজার এলাকায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক পালনকে কেন্দ্র করে ছাত্রলীগের এক সাবেক নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে আতংক বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়।
ভুক্তভোগী ইরফান আহমেদ রুম্মান, যিনি মোগলাবাজারের দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তিরাশীগাঁও এলাকার বাসিন্দা এবং আব্দুল গণির পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন শেষে গতকাল সন্ধ্যাা ৬টার দিকে বাড়ি ফেরার পথে ইরফান আহমেদ রুম্মানের উপর আকস্মিকভাবে হামলা চালানো হয়। পূর্ব থেকে ওৎপেতে থাকা হামলাকারীরা ইরফানকে বেধড়ক মারধর করে। তাদের উপর্যুপরি আঘাতে ইরফান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
তার বাবা আব্দুল গণি জানান, শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালনের জের ধরে রাজনৈতিক বিরোধের অংশ হিসেবে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। ইরফান আহমেদ অভিযোগ করেছেন মুখ বাধা অবস্থায় স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের ক্যাডাররা তার উপর হামলা চালিয়েছে। হামলার সময় তাকে বেধড়ক মারধর করা হয় এবং হুমকি প্রদান করা হয় বলেও তিনি জানান।
এ ঘটনায় আহত ইরফান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। তবে হামলার পরপরই প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেলেও কোনো কার্যকর সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তার পরিবার। ইরফানের বাবা আরও বলেন, “আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা রয়েছে।” এ ঘটনার পর স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না। ঘটনার খবর পেয়ে মোগলাবাজার থানার একটি টিম পাঠানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা হামলা চালিয়েছে তাদের জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।