
নিজস্ব সংবাদদাতা, জামালগঞ্জ থেকে ॥ সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে তাহমিনা বেগম মুন্নী (২৬) নামের এক কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত তাহমিনা বেগম মুন্নী জামালগঞ্জ থানাধীন দামোধরপুর গ্রামের মৃত শফিকুল হক ও মোছাঃ নূরজাহান-এর মেয়ে। সে সুনামগঞ্জ সরকারী কলেজের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় তাহমিনা বেগম মুন্নী ২১/০৫/২০২৩ ইংরেজী সকালে সুনামগঞ্জ সরকারী কলেজে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে আসার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার মোবাইলে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান। তার সহপাঠী মেয়ে এবং কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে ঐদিন রাত অনুমান ৯ ঘটিকায় জনৈক বখাটে ছেলে সাইদুল হাসানের ফোন থেকে ভিকটিম তাহমিনা বেগম মুন্নীর মায়ের মোবাইলে ফোন দিয়ে ভিকটিম তাহমিনা বেগম মুন্নী জানায়, সাইদুল হাসান তাকে জোরপূর্বক রাস্তা থেকে
অপহরণ করেছে এবং তার নিকট থেকে নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আটকে রেখেছে। এক পর্যায়ে ভিকটিম তাহমিনা বেগম মুন্নীর নিকট থেকে সাইদুল হাসান ফোন কেড়ে নিয়ে জানায়, “তোমার মেয়েকে আমি উঠাইয়া নিয়া আসিয়াছি এবং বিবাহ করিব। তোমরা কেহ বাধা দিলে বা পুলিশ, র্যাবকে খবর দিলে তোমার মেয়েকে প্রাণে হত্যা করিব” বলে ফোনের লাইন কেটে দেয়।
উল্লেখ্য তাহমিনা বেগম মুন্নী কলেজে যাওয়ার-আসার পথে বখাটে যুবক সাইদুল হাসান তাকে ইভটিজিং করতো। এ ব্যাপারে ভিকটিমের মা ঐদিন রাতে জামালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৭৫০, তারিখ- ২১/০৫/২০২৩ ইংরেজী) দায়ের করেছেন। পুলিশ ভিকটিম তাহমিনা বেগম মুন্নীকে উদ্ধারের নিমিত্তে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি।