সুবিদবাজারে তানজিম হত্যা মামলায় ৩২ জনসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে এজাহার দায়ের

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত September 18, 2024
সুবিদবাজারে তানজিম হত্যা মামলায় ৩২ জনসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে এজাহার দায়ের

স্টাফ রিপোর্টারঃ গত ১৯ জুলাই সিলেট মহানগরীর সুবিদবাজার পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় নিহত এমসি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী তানজিম হোসেন (২১) হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় এজাহার দায়ের করা হয়েছে। রবিবার নিহতের বাবা বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে এজাহারটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রোজ শুক্রবার বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে সুবিদবাজার পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। এসময় ১ নং বিবাদীর প্রত্যক্ষ নির্দেশ ও ৮ ও ১০ নং বিবাদীর প্ররোচনায় ২ থেকে ৩২ নং বিবাদীসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক, রামদা ও ধারালো দেশীয় অস্ত্রসহ বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে অবস্থান নেয়। পরে তারা স্লোগান দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে আসামিরা এমসি কলেজের শিক্ষার্থী তানজিম হোসেনকে চারদিক থেকে ঘিরে ফেলে এলোপাতাড়ি মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, মুখমণ্ডল ও বুকের বাম পাশে উপর্যুপরি আঘাত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ওই সময় আসামিপক্ষের গুলিবর্ষণে আরও অনেক নিরস্ত্র ছাত্র-জনতা গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামিদের পূর্ণ নাম-ঠিকানা সংগ্রহে বিলম্ব হওয়ায় এজাহার দায়েরে দেরি হয়েছে বলে মামলার বাদী উল্লেখ করেন।

মামলার এজহারভুক্ত আসামীরা হলেন- ১. পিযুষ কান্তি দে (৪৫), সহ-সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ, ২. মুশফিক জায়গীরদার (৪৩), সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যুবলীগ , ৩. ভিপি শামীম (৪৬), সভাপতি, সিলেট জেলা যুবলীগ, ৪. নাজমুল ইসলাম (৩০), সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগ, ৫. রাহেল সিরাজ (২৮), সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ, ৬. কিশওয়ার জাহান সৌরভ (২৮), সভাপতি, সিলেট মহানগর ছাত্রলীগ, ৭. দেবাংশু দাস মিঠু (৪৫), সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ৮. শাহাব উদ্দিন (৫৫), সাবেক সংসদ সদস্য, বড়লেখা, ৯. নেছার আহমদ (৪৮), সভাপতি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, ১০. মিছবাহুর রহমান (৫০), সাবেক চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ১১. মখলিছুর রহমান কামরান (৫০), সভাপতি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১২. মোহাম্মদ সামস (৫৫), হবিগঞ্জ, ১৩. মোহাম্মদ তায়ফুল হক (৬০), হবিগঞ্জ, ১৪. আয়াত উল্লাহ (৫০), ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সিলেট, ১৫. জয়নাল আবেদীন (৪২), যুবলীগ নেতা, সিলেট, ১৬. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমরুল (৪৪), সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা যুবলীগ, ১৭. কাজী মারুফ শহীদ (২৯), যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ, ১৮. নুরুল ইসলাম আলম (৪৫), সাবেক চেয়ারম্যান, হবিগঞ্জ পৌরসভা, ১৯. রহিম উদ্দিন (৩৫), সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, হবিগঞ্জ, ২০. মাহবুব খান (৫০), আওয়ামী লীগ নেতা, মৌলভীবাজার, ২১. মো. এমদাদ হোসাইন (২৪), ছাত্রলীগ নেতা, মৌলভীবাজার, ২২. শহীদ আহমদ (৪৫), আওয়ামী লীগ নেতা, মৌলভীবাজার, ২৩. পাপীয়া খান নন্দীনি (৩৮), মহানগর মহিলা লীগ নেত্রী, সুনামগঞ্জ, ২৪. আয়েজ আলী (৪০), সুনামগঞ্জ, ২৬. শাহিদুর রহমান (৩০), সিলেট, ২৭. আরিফ আহমদ (২৯), সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ, ২৮. মিছবা উদ্দিন (৩৮), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, ২৯. সেলিম আহমদ মেম্বার (৪২), যুগ্ম সাধারণ সম্পাদক, মোগলাবাজার ইউ/পি আওয়ামী লীগ, ৩০. মো. মানিক মিয়াজী (৪৮), নাটোর, ৩১. জাহাঙ্গীর আলম (৩৫), গোয়াইনঘাট, সিলেট, ৩২. মারুফুল আসান মারুফ (৩৫), গোয়াইনঘাট, সিলেট । এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, এজাহারটি গ্রহণ পূর্বক ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বাদী ও নিহত তানজিম হোসেন এর পিতা মোঃ জলিল মিয়া জানান, আমার ছেলে সিলেট মুরারিচাঁদ কলেজের স্নাতক শ্রেণির নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী ছিল। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি তার ছেলের হত্যাকারীদের বিচার চান।