নিজস্ব সংবাদদাতা, বিশ্বনাথ থেকে :: বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আব্দুল নূর (৬১) নিখোঁজ হওয়ার ৭দিন পর অবশেষে মৃত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেছে। গতকাল ২২ জানুয়ারি সকালে আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা লাশ বাসিয়া নদীর তীর থেকে পুলিশ উদ্ধার করেছে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায় গত ১৬ জানুয়ারি ২০২৬ ইংরেজী একটি ফোন কল পেয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল নূর বাড়ি থেকে বের হয়ে যান। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর গত ১৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতার স্ত্রী মোছাঃ আছমা বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৩২৪, তারিখ- ১৯/০১/২০২৬ ইংরেজী) দায়ের করলেও আওয়ামী লীগের এই ত্যাগী নেতাকে উদ্ধারে পুলিশী কোন তৎপরতা পরিলক্ষিত হয়নি। ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে অপহরণ করে এবং হত্যা করে গতকাল রাতের আঁধারে লাশ বাসিয়া নদীর পাড়ে রেখে গেছে। নিহত মোঃ আব্দুল নূর বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নস্থ ছোট খুরমা গ্রামের খুর্শিদ আলীর পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পরিবারের লোকজনের গগনবিদারী কান্নার আওয়াজে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।