চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ভবনে পুলিশের অভিযান, আটক ৬৫

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত September 11, 2026
চট্টগ্রামে অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ভবনে পুলিশের অভিযান, আটক ৬৫

ইন্টারনেট ব্যবহার করে অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে নগরীর খুলশী থানার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ওই ভবনে অভিযান চালানো হয়।
রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বাংলানিউজকে বলেন, অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ভবনটিতে পুলিশের অভিযান এখনও চলমান রয়েছে।
আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৬৫ জনকে আটক করা হয়েছে।
আটক ৬৫ জনের মধ্যে চীন, পাকিস্তান ও লাওসসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক রয়েছেন। তবে অভিযান শেষ না হওয়ায় আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, বিষয়টি অনলাইনকেন্দ্রিক হওয়ায় বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। অভিযান আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত চলতে পারে। অভিযান শেষ হওয়ার পর যাচাই-বাছাই করে বিস্তারিত তথ্য জানানো হবে। অভিযানে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ, ব্যক্তিগত তথ্য, ব্যাংক বা অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণসহ বিভিন্ন ধরনের সুবিধা হাতিয়ে নেওয়ার কৌশলকে অনলাইন স্ক্যামিং বলা হয়। সাধারণত প্রতারকরা ভুয়া পরিচয় ও মিথ্যা তথ্য ব্যবহার করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেন। কখনো লোভনীয় অফার, চাকরির প্রস্তাব, বিনিয়োগে অতিরিক্ত লাভের আশ্বাস কিংবা জরুরি পরিস্থিতির কথা বলে অর্থ বা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, মোবাইল ফোন, ভুয়া ওয়েবসাইটসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এসব প্রতারণার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।