গোয়াইনঘাটে পাওনা টাকা না পেয়ে লন্ডন প্রবাসীর ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত November 12, 2026
গোয়াইনঘাটে পাওনা টাকা না পেয়ে লন্ডন প্রবাসীর ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট থেকে : গোয়াইনঘাটের আঙ্গারজুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি রুহুল আমিন ও ছাত্রদল নেতা রুবেল আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছাত্রলীগ কর্মী লন্ডন প্রবাসী মোঃ নুরুল আমিনের নিকট পাওনা টাকা আদায় করতে না পেরে তার ভাই জহিরুল আমিন (২৪)এর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে।ছাত্রদলের সন্ত্রাসীরা জহিরুল আমিনের মাথায় ও ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শংকামুক্ত বলে জানা গেছে। ঘটনাটি সংঘটিত হয় গতকাল ১১ নভেম্বর (বুধবার) বেলা অনুমান ৫ ঘটিকায়।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানাধীন আঙ্গারজুর নিবাসী মোঃ আজবর আলীর পুত্র মোঃ নুরুল আমিন একই এলাকার আব্দুল মজিদ-এর নিকট থেকে ১৫ লক্ষ ঋণ নিয়ে লন্ডন গমন করেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ উভয়পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী মোঃ নুরুল আমিন লন্ডন গমন করেও ঋণের কোনো টাকা সে পরিশোধ করতে পারেনি। উক্ত পাওনা টাকার বিষয়ে এর আগে গত ২৬ অক্টোবর ঐ গ্রুপের সন্ত্রাসীদের ভাড়া করে আব্দুল মজিদ লন্ডন প্রবাসী মোঃ নুরুল আমিনের বাড়িতে হামলাসহ ভাঙচুর চালানো হয়। এতেও পাওনাদার পক্ষ ক্ষান্ত হননি, মোঃ নুরুল আমিনের বসতঘরের টিনের চালও খুলে নেন। এরই ধারাবাহিকতায় আব্দুল মজিদ এলাকার ছাত্রদল নেতা রুহুল আমিনের স্মরণাপন্ন হলে গতকাল ১০/১২জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পুনরায় মোঃ নুরুল আমিনের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার ছোট ভাই জহিরুল আমিনকে পেয়ে তার উপর সন্ত্রাসী হামলা চালায়।সন্ত্রাসীরা পাওনা টাকা আদায়ের নিমিত্তে রাজনৈতিক ফায়দা হাসিলেরও চেষ্টা করছে বলে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে থানায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। গুরতর আহত জহিরুল আমিন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।