সিলেটের দক্ষিণ সুরমায় হামলার শিকার ছাত্রলীগ নেতা আল মাহমুদ মুহিন, হাসপাতালে চিকিৎসাধীন

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত August 7, 2024
সিলেটের দক্ষিণ সুরমায় হামলার শিকার ছাত্রলীগ নেতা আল মাহমুদ মুহিন, হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ সুরমা:
৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ৬ আগস্ট সিলেটে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ মুহিন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভূক্তভোগীর পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধিতার জের ধরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মুহিনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও আওয়ামীলীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রাণভয়ে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছিলেন ছাত্রলীগ নেতা আল মাহমুদ মুহিন। পরদিন ৬ আগস্ট পালিয়ে যাওয়ার পথে স্থানীয় বিএনপি ও জামায়াত-সমর্থিত নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে ঘিরে ধরেন। এসময় রাজনৈতিক শত্রুতার জেরে তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা, বুক, হাত ও কাঁধে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন। একপর্যায়ে হামলাকারীদের কবল থেকে দৌড়ে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন তিনি। পরে গুরুতর আহত ও আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।